নাম পরিবর্তন হলে মুর্শিদাবাদ কি হতে পারে ? / নুরুল হাসান




চারিদিকে নাম পরিবর্তনের হিড়িক চলছে । আমিও এই মড়কে সংক্রামিত । আমি ও আমার জেলার প্রাচীন নামে ফিরে যেতে চাই । তাহলে মুর্শিদাবাদ জেলার নাম কি হতে পারে ? যেহেতু পুরানো নামের প্রত্যাবর্তন ঘটছে । এখানেও প্রাচীন নামের প্রত্যাবর্তন দরকার । কিন্তু কতটা প্রাচীন ? এর সময় সীমা কি হবে ? কোন সময় কাল কে standard  বা  reference frame  ধরে এই নাম পরিবর্তন করা যেতে পারে ? মোটামুটি ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দে ভারতে বৈদিক যুগের সূচনা বলে মনে করা হয় । অন্তত ঋকবেদই এখন পর্যন্ত প্রাপ্ত প্রাচীন গ্রন্থ । অবশ্য বৈদিক  বা আর্য জাতির সঙ্গে বাংলার সে সময় কোনো সম্পর্ক ছিলনা । আর্যতত্ত্ব বাদ দিলেও নাম পরিবর্তনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না । কারণ সে সময় আর্যদের বসবাস ছিল উত্তর পশ্চিম ভারতে ।
বর্তমানে জেলার নাম মুর্শিদাবাদ , যা এসেছে মুর্শিদ কুলি খাঁ র নাম থেকে । এর আগে নাম ছিল মুখসুদাবাদ , নানক পন্থী সন্যাসী মুখসুদন দাসের নামানুসারে । তার আগে মাসুমা বাজার , মৌরসাবাদ  মৌরসুধাবাদ ( এটা সেন বংশের সময়ে ) । সেন বংশ মাত্র নশো বছর আগের ঘটনা , তার আগেও একটা প্রাচীন আছে । মহীপাল এর আমলে একটা বৃহৎ অংশের নাম ছিল মহীপাল নগর । খ্রীস্টীয় ৫ – ৬ শতাব্দীতে কর্নসুবর্ন নামে রজাধানী , শৈব গৌড়েশ্বর শশাঙ্কের দ্বারা মহিমান্বিত হয়েছিল । তার ও আগে কৌটিল্য , বরাহমিহির ইত্যাদিদের রচনায় গৌড়ের নাম পাওয়া যায় , সেটা ও মুর্শিদাবাদের অনেকটা জুড়ে ছিল ( বর্তমান গৌড় নগরী পরে স্থাপিত হয় ) । আর একটু প্রাচীনে ফিরে গেলে সমতট নাম পাওয়া যায় (মুর্শিদাবাদ জেলার বাগড়ী অঞ্চল সহ বাংলাদেশের কিছু অংশ ) , সমতটের আগের নাম ছিল গঙ্গারিডই ( আলেজান্ডারের ভারত আক্রমণের সময় , ৩২৭ খ্রিস্ট পুর্বাব্দে  ) ।
ভারতে বৈদিক সভ্যতার আগেও ছিল হরপ্পা মহেঞ্জোদাড়ো সভ্যতা । তার আগে ছিল মেহেরগড় সভ্যতা । প্রায় হরপ্পা মহেঞ্জোদাড়োর সমসাময়িক (২০০০ খ্রীস্ট পুর্বাব্দে) রাজমহল বীরভূম ফারাক্কা সহ মুর্শিদাবাদের বিস্তীর্ন অংশের নাম ছিল কজঙ্গল নগরী । ফারাক্কার ফিডার ক্যানেল খননের সময় তার কিছু প্রমানাদি পাওয়া গেছে । এবং ২০০০০ হাজার বছর আগে এই অঞ্চলে বসবাস কারী অস্ট্রিক গোষ্ঠীর লোক জন  এই সভ্যতার জন্ম দিয়েছিল, পরে দ্রাবিড় দের আগমন ঘটে । আর একটি প্রাচীন নামের হদিশ পাওয়া যায় রাঢ়াপুরি । যা মুর্শিদাবাদের রাঢ় অংশ । খ্রীস্টপূর্ব ৬ শতাব্দী থেকে প্রায় বারোশো বছর ধরে আর্য আগ্রাসন চলতে থাকে । বৌদ্ধ , জৈন, গুপ্ত , শশাঙ্ক , পাল , সেন পর পর এই জেলার উপর বিভিন্ন নামে রাজত্ব করতে থাকে ।
সুতরাং এখনো পর্যন্ত প্রাপ্ত সর্বাধিক প্রাচীন নামটিই গ্রহনযোগ্য হওয়া উচিত , তা হল কজঙ্গল নগরী  বা কজঙ্গল । জেলা ভাগ হলে প্রাচীন নামেই হওয়া উচিত , উত্তর মুর্শিদাবাদ কজঙ্গল ও দক্ষিন মুর্শিদাবাদ কর্নসুবর্ন ।  প্রত্যেকের ভিন্ন মত থাকতে পারে । বিভিন্ন ইতিহাস জানা লোক আছেন যারা এই বিষয়ে আলোকপাত করতে পারেন ।

Comments